স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটের রায়হান হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাকে ধরা হবে। অপরাধ করে কেউ পার পাচ্ছেন না; পুলিশও ছাড় পাবে না। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকে নিয়েই পুলিশ। পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। সবকিছুতেই পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, যেকোনো জাতীয় দুর্যোগে পুলিশ সামনে এসে দাঁড়ায়। ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে পুলিশ সজাগ রয়েছে বলেই কোনো অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না।
পুলিশের অপরাধের জড়িয়ে পড়া প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি মুখোমুখি করা হয়েছে। নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের আধুনিকায়নের জন্য যা যা দরকার তা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার প্রাক্কালে তার এ যাত্রাবিরতি। এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, তানভীর হাসান, হাসান ইমাম খান সোহেল হাজারি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।
