চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কের ভাইয়ার দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা তিন আরোহীর একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আহত তারিকুল আলমকে (২৭) উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তারিকুল পটিয়া পৌরসভার গোবিন্দরখীল তালতলা এলাকার নুরুল আলমের ছেলে।
তবে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত বাকি দুজনকে কারা উদ্ধার করে কোন হাসপাতালে নিয়ে গেছে তা বলতে পারেনি হাইওয়ে পুলিশ।
কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিদোয়ানুল হক জানান, রাত ১২টা ৫০ মিনিটের দিকে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিনুর রহমানসহ আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা দেখার পর তাকে মৃত ঘোষণা করি।
