হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কপিল দেব

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৭:২৮ পিএম

অ্যাঞ্জিওপ্লাস্টির পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কপিল দেব। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির এক সময়ের সতীর্থ চেতন শর্মা টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার রাতে দিল্লির ফর্টিস হাসপাতালে ভর্তি হন কপিল। শারীরিক অবস্থা বিশ্লেষণ করার পর সেদিন রাতেই আপৎকালীন ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের।

শুক্রবার হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে কপিল দেবের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল। এও জানানো হয় যে, ডাক্তার অতুল মাথুর ও তার দলের পর্যবেক্ষণে আইসিইউতে রয়েছেন সাবেক ক্রিকেটার।

কপিলকে দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথাও জানানো হয়েছিল বিবৃতিতে। সেই মতোই রবিবার হাসপাতাল থেকে ছাড়া পান ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার।

চেতন শর্মা তার টুইট বার্তায় লিখেন, ‘অতুল মাথুর কপিলের অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। কপিল এখন পুরোদস্তুর সুস্থ। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে’।

কপিলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট মহল ও তার ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। ভারত অধিনায়ক বিরাট কোহালি, শচিন টেন্ডুলকর থেকে শুরু করে ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন। রবিবার দুপুরে হাসপাতাল থেকে তার বাড়ি ফেরার খবরে স্বস্তি ফিরল ক্রিকেটপ্রেমীদের মনে।

এর আগে শনিবার চেতন শর্মা অস্ত্রোপচারের পর কপিলের ছবি পোস্ট করেছিলেন। যেখানে হাসিমুখে সবার উদ্দ্যেশে ‘থাম্পস আপ’ দেখান ৬১ বছরের কপিল। এ ছাড়া কপিল নিজেও টুইট করেছিলেন। তার অসুস্থতার খবরে সবার উদ্বেগ ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত