মুন্সীগঞ্জে ইয়াবাসহ ৭ রোহিঙ্গা নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুক্তারপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আজু বেগম (৩৫), নুরজাহান (১৯), নুর বেগম (৫০), জিয়া বল (৩০), সুমাইয়া আক্তার (১৬), শাকিলা (২৫), নুর কায়দা (১৫)।
গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, গ্রেপ্তার রোহিঙ্গা নারী-পুরুষরা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ শরণার্থী শিবিরে অবস্থান করে আসছিলেন। সেখান থেকে দীর্ঘদিন যাবৎ কৌশলে তারা ইয়াবার চোরাচালান করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মুক্তারপুর এলাকার একটি বাড়ি থেকে সাত রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ৯০০ পিস ইয়াবা ও নগদ ৯০ হাজার টাকা পাওয়া গেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে মো. রাজেশ (৩০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় নিয়মিত মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, গতকাল সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
