বয়সে তিন বছরের ব্যবধান দুজনের। বড় ভাই লরেনসো ইনসিনিয়ে ২৯, ছোটভাই রবার্তো ইনসিনিয়ে ২৬। এই দুই ইতালিয়ান ফুটবলার রবিবার সিরি আতে মুখোমুখি হয়েছিলেন একে অন্যের। নাপোলি ও বেনোভেন্তের মধ্যকার ম্যাচটিতে গোল করেছেন দুই ভাই-ই।
ছোট ভাইয় রবার্তোর দল বেনোভেন্তের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বড় ভাই লরেনসোর দল নাপোলি। ম্যাচটিতে ২-১ গোলে জয় তুলে নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নাপোলি।
ম্যাচটিতে প্রথমে জাল খুঁজে নিয়েছিলেন ছোট ভাই রবার্তো ইনসিনিয়ে। ৩০ মিনিটে গোল করে এগিয়ে দেন বেনোভেন্তেকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
কিন্তু বিরতির পর ৬০ মিনিটে বড় ভাই লরেনসো ইনসিনিয়ে গোল করে নাপোলিকে সমতায় ফেরান। ৭ মিনিট পর আন্দ্রেয়া পেতানিয়ার গোল করলে ২-১ এ এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।
ম্যাচ শেষে একে অন্যকে অভিনন্দন জানিয়েছেন দুই ভাই। নাপোলির হয়ে ৩৫২ ম্যাচ খেলা লরেনসো মজা করে বলেন, ‘ম্যাচ শেষে আমি তাকে বলেছি, তার চেয়ে আমার বাম পা বেশি ভালো।’
যোগ করেন, ‘আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। কারণ আমাদের পরিবারের জন্য দিনটা রোমাঞ্চকর। গোল করতে পেরে আমি খুশি। ভাইকে অভিনন্দনও জানিয়েছি।’
রবার্তো ইনসিনিয়ে গত বছরই নাপোলি ছেড়েছেন। বড় ভাই ও সাবেক ক্লাবের বিপক্ষে গোল করায় মিশ্র অনুভূতি হচ্ছে তার। বলেন, ‘আমি খুব খুশি। তবে সেরি আয় আমার প্রথম গোল ভাইয়ের বিপক্ষে হওয়ায় একটু খারাপও লাগছে।’
রবার্তো আরো বলেন, ‘আমার জন্মের শহরের দল নাপোলি ও আমার ভাইয়ের বিপক্ষে খেলার অনুভূতিটা দারুণ। তবে ম্যাচের ফল নিয়ে আমাদের কিছুটা মন খারাপ।’
