রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকা থেকে মিজানুর রহমান মিজান (৩০) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল রহমান সজল।
সাজেদুল রহমান সজল বলেন, রবিবার রাতে মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন। তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, ল্যাপটপ, সিপিইউ, পেনড্রাইভ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা সজল জানান, মিজানুর ৩ বছর ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত। নিয়মিতভাবেই তিনি সঙ্গীদের সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি সংগঠনের জন্য অর্থ আদায় ও সদস্য সংগ্রহের জন্য কাজ করছিলেন। এর আগেও মিজান একবার গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সহযোগীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
