এক মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৪:১০ পিএম

পেশি সমস্যার কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটি তারকা সের্হিও আগুয়েরো। আক্রমণভাগের এই খেলোয়াড়ের ব্যাপারে এ তথ্য নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

হাঁটুর অস্ত্রোপচার শেষে ফিরে এসে ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। কিন্তু পেশির সমস্যার কারণে বিরতির পর আর মাঠে নামতে পারেননি।

আগুয়েরোর সঙ্গে ইনজুরির কারণে সাইডলাইনে চলে গেছেন গাব্রিয়েল জেসুস। যে কারণে সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশন নিয়ে বেশ চিন্তায় পড়েছেন গার্দিওলা। প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই পয়েন্ট হারিয়েছে সিটিজেনরা।

আগুয়েরোর মাঠে ফেরা প্রসঙ্গে গার্দিওলা বলেছেন, “এটা নির্ভর করছে ইনজুরির ধরনের ওপর। তবে ধারণা করা হচ্ছে কমপক্ষে ১০ থেকে ১৫দিন সময় লাগবে। আর তা দীর্ঘায়িত হলে মাসখানেক সময় লাগতে পারে। হাঁটুর সমস্যার কারণে চার থেকে পাঁচ মাস বিশ্রামে থাকলে মাঠে নামার পর সব সময়ই একটা ঝুঁকি থাকে। আশা করছি দ্রুতই সে মাঠে ফিরতে পারবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত