এসইসি চেয়ারম্যান

হিসাবনিকাশ না বুঝলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:৫৯ পিএম

যেসব বিনিয়োগকারী হিসাব-নিকাশ তেমন বোঝেন না, পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে ধারণা কম, তাদের শেয়ারের পরিবর্তে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেছেন, দেশের মিউচুয়াল ফান্ড খাত খুবই সম্ভাবনাময়। অতীতে এখানে কিছু অস্বচ্ছতা ছিল। কোনো কোনো ফান্ডের টাকা ভুল জায়গায় বিনিয়োগ করা হয়েছিল। এসব বিনিয়োগ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে কোনো ফান্ডের টাকা যাতে ভুল জায়গায় বিনিয়োগ না হয় সেটি নিশ্চিত করা হচ্ছে। মিউচুয়াল ফান্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর চেষ্টা করছে এসইসি। গতকাল মঙ্গলবার পারসোনাল ফাইন্যান্সবিষয়ক অনলাইন পোর্টাল ‘আমার টাকা’র উদ্বোধন ও ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে এসইসি চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে মিউচুয়াল ফান্ডগুলোর ১০ থেকে ১৮ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দেওয়ার সক্ষমতা রয়েছে। কোনো কোনো ফান্ড অনেক ভালো করছে। ব্যাংকের স্থায়ী আমানতের চেয়ে এক্ষেত্রে রিটার্ন অনেক লাভজনক।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বর্তমানে ব্যাংক আমানতে ৫-৬ শতাংশ সুদ পাওয়া যায়। এখান থেকে মূল্যস্ফীতি বাদ দিলে কিছুই থাকে না। এসব বিবেচনায় মিউচুয়াল ফান্ড এবং কিছু কিছু শেয়ার অনেক লাভজনক। দেশে অর্থনৈতিক উন্নয়নে মানুষের আয় বাড়তে থাকায় সঞ্চয়ও বাড়ছে। এতে বিনিয়োগের চাহিদা বাড়ছে। সঞ্চয়কে বিনিয়োগে আনতে হলে বিনিয়োগের নানা বিকল্প খাত তৈরি করতে হবে। তিনি বলেন, বিকল্প বিনিয়োগ খাত হিসেবে বন্ডকে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি খাতের সঙ্গে কাজ করছে এসইসি। নতুন করে সুকুক বন্ড আনার  চেষ্টা করছি। এগুলো পুঁজিবাজারে এলে রিটার্ন ভালো হবে। কারণ, এখানে বিনিয়োগ করলে কর দিতে হবে না। নতুন নতুন সঞ্চয়ের পণ্য নিয়ে আসছি। এতে বিনিয়োগকারীদের উপকার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত