এলেঙ্গা-হাটিকুমরুল মহাসড়কে ব্যয় বাড়ল ৪৭৬৩ কোটি টাকা

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:০১ এএম

এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন প্রকল্প অনুমোদন পায় পাঁচ বছর আগে। এত দিনে কাজ হয়েছে মাত্র ১১ শতাংশ। এখন সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়ল ৪ হাজার ৭৬৩ কোটি টাকা। সেই সঙ্গে বেড়েছে মেয়াদও। এতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা। প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাবসহ তিন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৮৯ কোটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৮৫৫ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৬৩ কোটি ৮৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ২৭০ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করা হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম গণভবনে উপস্থিত ছিলেন। একনেকের বাকি সদস্যরা ছিলেন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে।

ব্রিফিংয়ে জানানো হয়, ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প : এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পটি পাঁচ বছরে অগ্রগতি মাত্র ১১ শতাংশ। এই অবস্থায় ব্যয় বাড়ল ৪ হাজার ৭৬৩ কোটি ৩৭ লাখ টাকা, যা মোট অনুমোদিত ব্যয়ের ৪০ শতাংশ। সেই সঙ্গে মেয়াদ বেড়েছে তিন বছর চার মাস। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ১১ হাজার ৮৯৯ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৫৪৪ কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৯ হাজার ৩৫৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গত আগস্ট মাস পর্যন্ত ব্যয় হয়েছে ৩ হাজার ১৪৫ কোটি ৭৫ লাখ টাকা, যা অনুমোদিত প্রকল্প ব্যয়ের ২৬ দশমিক ৪৪ শতাংশ। তবে প্রকল্পটির বাস্তব অগ্রগতি ১০ দশমিক ৭৬ শতাংশ। এখন প্রথম সংশোধনীর মাধ্যমে ৪ হাজার ৭৬৩ কোটি ৩৭ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ১৬ হাজার ৬৬২ কোটি ৩৮ লাখ টাকা। এক্ষেত্রে সরকারের তহবিল থেকে ৫ হাজার ৩৬ কোটি ৬৫ লাখ টাকা এবং এডিবির ঋণ থেকে ১১ হাজার ৬২৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে সোনাপুর-সোনাগাজী-জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ : এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা প্রকল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত