প্রকল্পের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৭:১৩ এএম

মামলার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়। উদ্যোগী মন্ত্রণালয় যেন প্রকল্পের মামলা দ্রুত নিষ্পত্তি করে, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এই অনুশাসন দেন বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল একনেক বৈঠকে তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের সময় প্রয়োজনীয় কর্মকর্তারা হঠাৎ বদলি হলে যাতে দ্রুত নতুন লোকদের প্রশিক্ষিত করা হয় সে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কর্মকর্তাদের বদলিজনিত কারণে যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত না হয়। কর্মকর্তাদের ওরিয়েন্টেশনের দ্রুত ব্যবস্থা করতে হবে।’

আসাদুল ইসলাম আরও বলেন, ‘এ ছাড়া রাস্তা নির্মাণের ক্ষেত্রে যাতে পানি চলাচল বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, রাস্তা তৈরির সময় পর্যাপ্ত ব্রিজ-কালভার্ট রাখতে হবে এবং প্রয়োজনে হাওর-বাঁওড় অঞ্চলে রাস্তা এলিভেটেড করতে হবে। যাতে করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয়। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যদি মামলা হয় তাহলে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। মামলার কারণে যাতে কোনোভাবেই প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত না হয়।’

সচিব জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকল্পটি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৬৩ কোটি টাকা ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এক্ষেত্রে তিনি বলেছেন, ভবিষ্যতে সিটি করপোরেশনগুলোকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, যাতে প্রকল্প বাস্তবায়নে তারা বেশির ভাগ ব্যয় মেটাতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত