যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন আগামী জানুয়ারি মাসের মধ্যে তাদের প্রথম ব্যাচ কভিড টিকা তৈরি শেষ হবে বলে জানিয়েছে। সংস্থাটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান রাক্স্যান্দ্রা দ্রাঘিয়া গত সোমবার একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে এই ঘোষণা দেন বলে জানিয়েছে লাইভমিন্ত।
এর আগে গত শুক্রবার ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি বলেছিল, তাদের তৈরি টিকার চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ফের শুরু হতে যাচ্ছে। এর আগে নিরাপত্তাজনিত কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছিল পরীক্ষা পর্ব। চলতি বছরের শেষেই ৬০,০০০ স্বেচ্ছাসেবকের ওপরে করা সেই ট্রায়ালের ফলাফল প্রকাশিত হবে।
জনসন অ্যান্ড জনসনের সম্ভাব্য টিকাটির নাম ‘জ্যানসেন’। অন্য টিকা দুই ডোজ প্রয়োজন হলেও জনসন অ্যান্ড জনসনের টিকার মাত্র এক ডোজ প্রয়োজন হবে। গত শুক্রবার জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে বলা হয়, তাদের বড় আকারের টিকা পরীক্ষা আবার শুরু হচ্ছে। সিএনএনের খবরে জানানো হয়, টিকা পরীক্ষায় একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে চলতি মাসের শুরুর দিকে জনসন অ্যান্ড জনসনের টিকার পরীক্ষা স্থগিত করা হয়।
গত ২৩ সেপ্টেম্বর জনসন অ্যান্ড জনসনের টিকার পরীক্ষা শুরু হয়। আটটি দেশের ৬০ হাজার মানুষকে এই পরীক্ষায় অন্তর্ভুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ টিকার পরীক্ষার প্রাথমিক ফল পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে চূড়ান্ত টিকা পরীক্ষায় বা তৃতীয় ধাপের পরীক্ষায় জনসন অ্যান্ড জনসনের টিকাটি চতুর্থ। টিকা পরীক্ষার ক্ষেত্রে জনসন অ্যান্ড জনসনের পরীক্ষাটি সবচেয়ে বড়।
বর্তমানে বিশ্বে কভিড পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে সম্প্রতি ঘোষণা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে কভিড আক্রান্তের সংখ্যা ৪.৩ কোটি ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রবীণ রোগীদের ক্ষেত্রে অ্যাস্ট্রা জেনেকার তৈরি কভিড টিকা ইতিবাচক ফল দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িক স্থগিত থাকলেও ফের ট্রায়াল শুরু হয়েছে সেই টিকার।
