বেশি দামে আলু বিক্রি ১০ আড়তদারকে জরিমানা

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৭:৪৩ এএম

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে ১০ আড়তদারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান চালানো হয়েছে। অভিযানে গিয়ে দেখা যায়, আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা ৪২ টাকায় আলু বিক্রি করছিল। অথচ সরকারি নির্দেশনা রয়েছে পাইকারি বাজারে আলুর দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৩০ টাকা বিক্রির জন্য। তাই বেশি দামে আলু বিক্রির দায়ে ১০ আড়তদারকে জরিমানা করা হয়েছে।’

অভিযানে বেশি দামে আলু বিক্রির দায়ে মেসার্স কুমিল্লা ট্রেডার্সকে ২০ হাজার, রফরফ বাণিজ্যালয়কে ২০ হাজার, মেসার্স মক্কা বাণিজ্যালয়কে ২০ হাজার, মেসার্স মামুন ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স মা বিতানকে ২০ হাজার টাকা, মেসার্স কুসুমপুরা বাণিজ্যালয়কে ১০ হাজার, মেসার্স জননী ট্রেডার্সকে ১০ হাজার, মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ১০ হাজার, নিউ রাজমহল বাণিজ্যালয়কে ৫ হাজার এবং মেসার্স আশীষ লালধর অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত