সাকিব, আমরা তোমার সঙ্গে ছিলাম আছি থাকব: আসিফ

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৪:৫৬ পিএম

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করার দায়ে সাকিব আল হাসানের ওপর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে নিষেধাজ্ঞা দিয়েছিল তার শেষ দিন আজ। কাল বৃহস্পতিবার থেকে আগের মতোই বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হবেন তারকা এই অলরাউন্ডার।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিবকে শুভকামনা জানিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

ফেসবুকে তার অফিশিয়াল পেজে সাকিবের ছবিসহ একটি পোস্ট দেন আসিফ। সেখানে তিনি লেখেন, ‘এক আশরাফুলকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। সেই কষ্ট দ্বিগুণ করলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সাকিব-আশরাফুল দুজনেই আমার অত্যন্ত স্নেহের। আজ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান...।’

এ সংগীতশিল্পী আরও বলেন, ‘সব টাইগারদের সাবধান থাকতে হবে জুয়াড়িদের খপ্পর থেকে। যে কোনো ধরনের অস্বাভাবিক তৎপরতা দেখলে ম্যানেজমেন্টকে জানাতে হবে। আমরা আর কোনো ইনফর্ম টাইগারকে হারাতে চাই না। সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় জাতি।’

ক্রিকেট তারকার প্রতি একাত্মতা জানিয়ে আসিফ বলেন, ‘সাকিব- আমরা তোমার সঙ্গে ছিলাম আছি থাকব। তুমি শুধু খেলে যাও দেশের জন্য। আমরা তোমাকে ভালোবাসি... জন্মগত অ্যালার্জি রোগী হেটার্সদের চিন্তা মাথায় না রেখে দেশকে যেন সার্ভিস দিতে পারো এই দোয়া করি মন থেকে। মনে রেখো বৃক্ষ বড় হয়ে গেলে ঝড়ের ঝাপটা সহ্য করেই টিকে থাকে। তুমি এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি... শাবাশ বাংলাদেশ...ভালোবাসা অবিরাম...।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত