ভিনিসিউসকে ‘পাস না দিতে’ বলেছিলেন বেনজেমা

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১২:০৩ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কোনো মতে হার বাঁচিয়েছে রিয়াল মাদ্রিদ। ৮৭ মিনিট পর্যন্ত মার্কাস থুরামের জোড়া গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এরপর করিম বেনজেমা আর ইনজুরি টাইমে ক্যাসেমিরোর গোলে সমতা ফেরায় জিদানের দল।

নাটকীয় ভাবে ম্যাচ ড্র করতে পেরে ফুটবলারদের প্রশংসা করেন জিনেদিন জিদান। কিন্তু ম্যাচের শেষে হাফ-টাইমে ড্রেসিংরুমে যাওয়ার সময় টানেলে এক অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এল। রিয়াল সতীর্থদের করিম বেনজেমা নাকি বলেছিলেন, ভিনিসিউস জুনিয়রকে কোনো ভাবে যেন বল পাস কেউ না করেন।

করিম বেনজেমার ফুটেজ প্রকাশের পর রিয়াল মাদ্রিদে অশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে বলে গুঞ্জন। ঘটনাটি ঘটেছে হাফ-টাইমের সময়। যখন ০-১ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। ছবিতে দেখা যাচ্ছে টানেলের মধ্যে ভিনিসিউস জুনিয়র, কুর্তোয়া, ভালভার্দে এবং বেনজেমা মাত্র কয়েক ফুট দূরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর সেখানেই নাকি বেনজেমা জানায় ভিনিসিউস জুনিয়রকে যেন কোনো ভাবে পাস না দেওয়া হয়।

ম্যাচটিতে আসলে বোতলবন্দী ছিলেন ভিনিসিউস জুনিয়র। সতীর্থদের পাস না দিয়ে ড্রিবলিং করতে গিয়ে বল খুইয়েছেন অহেতুক। ভুল পাসও করেছেন দৃষ্টিকটুভাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত