ইডিএফ থেকে ১.৭৫% সুদে ঋণ পাবেন রপ্তানিকারকরা

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১২:২৭ এএম

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুদহার দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। ফলে এখন এ তহবিল থেকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ পাবেন রপ্তানিকারকরা। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা দেওয়া হবে।

গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে এ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ দেবে। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন রপ্তানিকারকরা।

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ সুবিধা দিতে ১৯৮৯ সালে রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করা হয়। মাত্র ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে এ তহবিলের যাত্রা শুরু হয়। চলতি বছর এপ্রিলে তহবিল ৫০০ কোটি ডলারে উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত