বায়ার্ন ও ইংলিশ জায়ান্টদের জয়

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৪:১৬ এএম

এখন পর্যন্ত শিরোপা ধরে রাখার মসৃণ পথেই হাঁটছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে তারা। রেকর্ড টানা ১৩তম জয় নিশ্চিতের পথে লোকোমোটিভ মস্কোকে হারিয়েছে ২-১ গোলে। তাদের মতো লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিশ্চিত করেছে মঙ্গলবার নিজ নিজ ম্যচ জিতে। এ ছাড়া পোর্তো ও আতলেতিকো মাদ্রিদ পেয়েছে প্রথম জয়। আর ২-২ গোলে ড্র হয়েছে আতালান্তা ও আয়াক্স আমস্টারডামের লড়াই।

প্রতিপক্ষের মাঠে টানা ৫ জয়ের আয়াক্সের রেকর্ডে ভাগ বসিয়েছে বায়ার্ন। ১৩ মিনিটে লিওন গোরেজকার গোলে এগিয়ে গেলেও লিডটা ধরে রাখতে পারেনি বায়ার্ন। ৭০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকেই গোল শোধ দেন অ্যান্টন মিরানচুক। আর ৭৯ মিনিটে জয়সূচক গোল করেন জশুয়া কিমিচ। এদিকে ড্যানিশ দল মিডজাইল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেও বিবর্ণ ছিল লিভারপুল। অবশ্য ম্যাচে মোহামেদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনোসহ সেরা একাদশকে বিশ্রামে রাখেন কোচ ইয়ুর্গেন ক্লপ। বিরতির ১০ মিনিট পর ৫৫ মিনিটে ডিয়েগো জোতার প্রথম গোলে খোলস খুলে তাদের। বদলি হিসেবে সালাহকে নামাতেই হয় ক্লপকে। আর এ স্ট্রাইকারই ইনজুরি সময়ে দলের দ্বিতীয় গোল করেন। এতে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হয়ে ২০ গোল হয় গেল সালাহর। সর্বোচ্চ ২১টি স্টিভেন জেরার্ডের। অপর ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি সহজে জিতেছে মার্শেইয়ের বিপক্ষে। ফেরান তোরেস, ইকায়ে গুনদোআন ও রাহিম স্টারলিং গোল করেন।

আতালান্তা প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলেছিল গতবার। কিন্তু তাদের সব হোম ম্যাচই খেলতে হয়েছিল মিলানের মাঠে। এই প্রথম নিজেদের মাঠে খেলতে নেমে হারতে বসেছিল তারা। ৩০ ও ৩৮ মিনিটে দুই গোল হজম করা আতালান্তাকে ৫৪ ও ৬০ মিনিটে জোড়া গোল করে পয়েন্ট এনে দেন জাপাতা। মিউনিখে ৪-০ গোলে প্রথম ম্যাচ হারা আতলেতিকো মাদ্রিদ ঘরের মাঠে জয় পেয়েছে হুয়াও ফেলিক্সের কল্যাণে। পর্তুগালের ভবিষ্যৎ রোনালদো ৫২ ও ৮৫ মিনিটে জোড়া গোল করেন। এর আগে লরেন্তের ২৯ মিনিটের গোলে এগিয়ে গেলেও ৪০ ও ৪৭ মিনিটে (আত্মঘাতী) দুই গোল হজম করে পিছিয়ে পড়ে আতলেতিকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত