ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট দিয়েই মাঠে দর্শক ফিরছে। ২৬ থেকে ৩০ ডিসেম্বর ঐতিহাসিক ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে চার টেস্ট সিরিজের দ্বিতীয়টি। সেই ম্যাচে অন্তত ২৫ হাজার দর্শক মাঠে ঢোকার অনুমতি দেবে ভিক্টোরিয়া রাজ্য কর্র্তৃপক্ষ। যদিও সংস্কারের পর এমসিজির ধারণ ক্ষমতা এখন ১ লাখের ওপরে। গতকাল ভারত সিরিজের সূচির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সিএ। আগে থেকেই সিরিজের সূচি এবং ভেন্যু ঠিক করা ছিল। একমাত্র ভিক্টোরিয়া রাজ্যের ভেন্যু মেলবোর্ন (এমসিজি) নিয়ে দ্বিধা ছিল। গতকালই সেটি কেটেছে। বুধবারই রাজ্যটি থেকে লকডাউন তুলে নেয় কর্র্তৃপক্ষ। তাই মাঠে খেলা হওয়া বা নির্ধারিত বায়ো-বাবলে বিদেশি দলের থাকায় আর বাধা নেই। বক্সিং ডে টেস্টও তাই এ মাঠেই হচ্ছে।
অস্ট্রেলিয়ায় নভেম্বরের শেষ থেকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার পর চার টেস্টের সিরিজ শুরু হবে। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট। এরপরই ২৬ ডিসেম্বর থেকে এমসিজি টেস্ট। ৭ জানুয়ারি সিডনিতে তৃতীয় এবং ব্রিসবেনের গ্যাবায় ১৫ জানুয়ারি থেকে চতুর্থ টেস্ট খেলবে দুই দল। ইন্টারনেট।
