ভিন্নমতকে সহ্য করার সহনশীলতা নিশ্চিহ্ন হচ্ছে : ফখরুল

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৩:০২ এএম

গণমাধ্যমে ভিন্নমতকে সহ্য করার সহনশীলতা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্র ও সামগ্রিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম গণমাধ্যম। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন ও শক্তিশালী সেই দেশের গণতন্ত্র ততবেশি শক্তিশালী। দুর্ভাগ্য, আজ সারা বিশ্বে গণমাধ্যমকর্মীদের ওপরে একটা চাপ সৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশে সেই চাপ অনেক বেশি লক্ষ করা যাচ্ছে। আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক কারণে অনেক সংবাদকর্মীকে নিগৃহীত হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। তাদের অনেক সময় কারাগারে যেতে হয়েছে। সংবাদ প্রতিষ্ঠানগুলো অনেক সময় বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে র‌্যালি উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় বলে আসছি যে, বাংলাদেশে গণতন্ত্র এখন প্রায় অনুপস্থিত। এখানে মানুষের স্বাধীনতা-সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এসেছি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডিআরইউ একটি ব্যতিক্রমী সংগঠন। এটা সংবাদকর্মীদের নিজস্ব সংগঠন এবং এখানে এখন পর্যন্ত তারা কোনো রাজনৈতিক বিভাজনের মধ্যে নিজেদের ডুবিয়ে দেননি। তারা গত ২৫ বছর ধরে পেশাদার সংগঠন হিসেবে নিজেদের ঐক্যকে ধরে রাখতে পেরেছেন। এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আজ লজ্জার সঙ্গে একটা খবর লক্ষ করলাম যেটা পত্রিকায় এসেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ১০জন সদস্য তাদের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন, বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৪০০ মানুষ বিনাবিচারে নিহত হয়েছেন। তা নিয়ে তাদের বিরুদ্ধে একটা স্যাংশন দেওয়ার অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্টের কাছে। আমাদের দুঃখ হয় আজ বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো আজ বিদেশের কাছে যাচ্ছে, বিশ্বসভার কাছে যাচ্ছে, যা আমাদের জন্য কখনই সুখকর বিষয় নয়।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, ডিআরইউর বর্তমান কমিটির দপ্তর সম্পাদক জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত