জি কে শামীমের জামিনে সহায়তা

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাকে দুদকে তলব

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৩:০৩ এএম

দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাতের মাধ্যমে তাদের জামিন করিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রূপাকে জিজ্ঞাসাবাদে জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় তাকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। গত বুধবার এ নোটিস পাঠান দুদকের অনুসন্ধান কর্মকর্তা সংস্থার উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম। নোটিসে বলা হয়, রাষ্ট্রের এই আইন কর্মকর্তা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি সঙ্গে নিয়ে ৪ নভেম্বর রূপাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

গতকাল ডিএজি রূপার বক্তব্য জানতে মোবাই ফোনে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

গত বছরের ২০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় জি কে শামীমকে তার কয়েকজন দেহরক্ষীসহ গুলশানের নিকেতনের অফিস থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করা হয়। মাদকের মামলায় গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ জি কে শামীমকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। অস্ত্র আইনের মামলায় ৬ ফেব্রুয়ারি তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্টের আরেকটি বেঞ্চ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামিনের নথি পৌঁছানোর পর গত ৭ মার্চ বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। তথ্য গোপন করে জামিন নেওয়ার বিষয়টি ধরা পড়ার পরদিনই দুই বেঞ্চ জি কে শামীমের জামিনের আদেশ স্বতঃপ্রণোদিত হয়ে রিকল (প্রত্যাহার) করে নেয়। রাষ্ট্রপক্ষ থেকে তখন বলা হয়, নাম বিভ্রাট ও আসামিপক্ষের তথ্য গোপনের কারণে তারা বিভ্রান্ত হয়েছেন। হাইকোর্টের যে বেঞ্চ থেকে জি কে শামীম মাদক মামলায় জামিন পেয়েছিলেন সেই বেঞ্চের ডিএজি হিসেবে দায়িত্বে ছিলেন জান্নাতুল ফেরদৌসী রূপা।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত