নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় অবশেষে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
শুক্রবার রাত ১০টায় তল্লা রেললাইন এলাকায় বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের একটি দল।
নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন এ মামলায় আবদুল গফুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার দেশ রূপান্তরকে বলেন, মামলার তদন্ত ভার গ্রহণের পর থেকেই মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর ওরফে গফুর মেম্বারকে আমরা নজরদারিতে রেখেছিলাম। এতদিন পর্যন্ত তাকে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করে এসেছি। আমাদের তদন্তে তার গাফিলতি এবং অবহেলার সুষ্পষ্ট তথ্য প্রমাণ পেয়েছি। তাই এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করেছি।
সিআইডির এ কর্মকর্তা আরো বলেন, ঘটনার কারণ উদঘাটনে আমরা তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের কার কার গাফিলতি আছে সেগুলো খতিয়ে দেখছি। ইতিমধ্যে আমরা এসব সংস্থার এগারোজনকে গ্রেপ্তার করেছি।
তিনি বলেন, এ মামলায় শুক্রবার মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেপ্তার করেছি। সিআইডির হেফাজতে তাকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি আমাদের তদন্তে যাদের দোষ প্রমাণ হচ্ছে তাদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে বিদ্যুতের সর্ট সার্কিট ও গ্যাসের পাইপের লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণে প্রায় অর্ধশত মুসল্লি দগ্ধ হন। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।