জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের পোশাকবিধি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে আদালত অবমাননা সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান এ নোটিস পাঠান।
নোটিসে বলা হয়, হাইকোর্টের একটি বেঞ্চ ২০১০ সালের ৪ অক্টোবর আদেশ দেয় যে, কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। কিন্তু হাইকোর্টের এ আদেশ অমান্য করে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম ওই প্রতিষ্ঠানের মুসলিম কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পুরুষদের টাকনুর ওপর পোশাক পরা এবং নারীদের হিজাব পরার নোটিস দিয়ে আদালত অবমাননা করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। আদালত অবমাননার বিষয়টি কেন হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা হবে না, এই বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে ডা. আব্দুর রহিমকে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।
গত ২৮ অক্টোবর ডা. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষদের টাকনুর উপরে এবং নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান আবশ্যক। এ নিয়ে সর্বত্র সমালোচনা শুরু হলে আরেকটি বিজ্ঞপ্তিতে এর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন আব্দুর রহিম। অ্যাডভোকেট ইয়াদিয়া জামান বলেন, ‘যদিও তিনি (আব্দুর রহিম) ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু এর মাধ্যমে তিনি হাইকোর্টের নির্দেশনাকে উপেক্ষা করেছেন। যে জন্য তার বিরুদ্ধে এই নোটিস পাঠানো হয়েছে।’
