অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করা অব্যাহত রাখবে, যাতে উভয় দেশই আগামী দিনগুলোয় বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করে যাব, যাতে ভারত ও বাংলাদেশ উভয়েই আরও এগিয়ে যেতে পারে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু এবং তারা আমাদের জন্য অনেক কিছু করেছে।’
গতকাল সোমবার ঢাকায় সদ্য নিয়োগপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামীর সঙ্গে ভার্চুয়াল সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ভার্চুয়ালি ব্রিফিং করে এসব কথা বলেন তিনি। ভার্চুয়াল ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনারও বক্তব্য দেন।
বৈঠকের ফলাফল সম্পর্কে কামাল বলেন, এতে ভারত ও বাংলাদেশের অতীত ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয় এবং পরবর্তী সময়ে প্রতিবেশী বাংলাদেশকে ভারতের সহায়তাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়। একে অপরকে সহায়তা করা মানে উভয় পক্ষকে সহায়তা করা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও ভারত যদি একসঙ্গে কাজ করতে পারে এবং আমরা আমাদের কর্মপদ্ধতির সমন্বয় করতে পারি, তবে আমরা আরও এগিয়ে যেতে পারব।’
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কোনো সমস্যা নেই। ‘আমাদের কোনো সমস্যা নেই। আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।’ কামালের কথার প্রতিধ্বনি করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘একসঙ্গে কাজ করার অর্থ এই নয় যে আমাদের সমস্যা আছে। তবে আমরা ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগাতে চাই অর্থনীতি, বাণিজ্য ও অর্থব্যবস্থা খুব দ্রুত বদলে যাচ্ছে।’ তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোর আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার সুযোগ রয়েছে, যাতে উভয় দেশই তার নিজস্ব স্বার্থ সুরক্ষিত করতে পারে এবং বিকাশমান নতুন পরিবেশেও উভয়ের অর্থনীতির সুবিধার জন্য সহযোগিতা করতে পারে।
