রাজনগর উপজেলা বিএনপির ৩২ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১২:০৮ এএম

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাকিম বখসসহ উপজেলা কমিটির ৩২ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। গত রবিবার বিকেলে নেতাকর্মীদের স্বাক্ষরিত পদত্যাগপত্র জেলা সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

পদত্যাগপত্র থেকে জানা যায়, উপজেলা কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুতে শূন্য পদে উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীকে জেলা সভাপতির নির্দেশে অগঠনতান্ত্রিকভাবে গত ২৫ আগস্ট প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। আবার ২২ সেপ্টেম্বর একই ব্যক্তিকে জেলা সভাপতির নির্দেশে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা সভাপতি ১৩ অক্টোবর এনামুল হক চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেন। এর ৮ দিন পর সভাপতির নির্দেশে ফের এনামুল হক চৌধুরীকে দলে পুনর্বহাল করা হয়। গঠনতন্ত্রবিরোধী এসব কার্যক্রমে নেতাকর্মীরা অসন্তুষ্ট। এ কারণে উপজেলা কমিটির ৩২ নেতাকর্মী পদত্যাগ করেন।

জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, পদত্যাগকারী ৩ জন ছাড়া বাকি সবার স্বাক্ষর জাল করা হয়েছে। তারা আমার সঙ্গে দেখা করতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত