ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্কের মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৮:০৫ এএম

ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক ৭৪ বছর বয়সে মারা গেছেন। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ভিনসেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের একটি সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ওই সংবাদমাধ্যমে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফিস্ক।

আইরিশ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি স্ট্রোক করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে সেখানেই তার মৃত্যু হয়।

২০১৫ সালে নিউ ইয়র্ক টাইমস তাকে ব্রিটেনের পররাষ্ট্র নীতিবিষয়ক সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক হিসেবে আখ্যা দেয়। সাংবাদিক জীবনে মধ্যপ্রাচ্যবিষয়ক বিভিন্ন প্রতিবেদনের জন্য বেশকিছু সম্মানজনক পুরস্কারে ভূষিত হন ফিস্ক। কৈশোরেই তার সাংবাদিকতার যাত্রা শুরু। মাত্র ১২ বছর বয়সেই তিনি সাংবাদিক হওয়ার বিষয়ে মনস্থির করেন।

ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা শুরু করেন ফিস্ক। প্রথমে সানডে এক্সপ্রেসের ডায়েরি কলামে লেখালেখি করতেন তিনি। পরবর্তীকালে তিনি যোগ দেন দ্য টাইমসে। ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত টাইমসের বেলফাস্ট প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি। ১৯৭৬ সালে তিনি ওই পত্রিকার মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করায় তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। বলকান, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ব্রিটেনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমের হয়ে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করেছেন তিনি।

১৯৪৬ সালে ইংল্যান্ডের কেন্ট শহরের মেডস্টোনে জন্মগ্রহণ করেন এ খ্যাতনামা সাংবাদিক। পরে তিনি আয়ারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেন এবং ডাবলিনের বাইরে ডালকে শহরে বসবাস শুরু করেন। রবার্ট ফিস্কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস।

১৯৯০ন্ডএর দশকে তিনি আল কায়েদার তৎকালীন নেতা ওসামা বিন লাদেনের তিনবার সাক্ষাৎকার নিয়েছেন। ১৯৯৩ সালের প্রথম সাক্ষাৎকারে তিনি ওসামাকে লাজুক ব্যক্তি বলে উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত