সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে জানিয়ে হাইকোর্টের কাছে দুই সপ্তাহের সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
রায়হানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও তার পরিবারের জন্য ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি হাইকোর্টের এ বেঞ্চে শুনানির জন্য উঠলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে এই বলে অবহিত করেন যে, এ মামলার তদন্ত অনেকটা শেষ পর্যায়ে। পিবিআই জানিয়েছে, তারা দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দেবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নওরোজ রাসেল চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘দ্রুত সময়ে মধ্যে প্রতিবেদন দেওয়া হবে জানিয়ে আমরা দুই সপ্তাহের সময়ের আবেদন করেছি। আদালত বক্তব্য শুনে আগামী ১৬ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ধার্য রেখেছেন।’
