‘ও-পজিটিভ’ রোগীর শরীরে দেওয়া হলো ‘বি-পজিটিভ’ রক্ত!

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১১:৩৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বেসরকারি ক্লিনিকে রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত দেয়ায় অভিযোগ পাওয়া গিয়েছে। গুরুতর অবস্থায় ওই রোগী এখন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ভুল চিকিৎসার শিকার সুরমা বেগম (২৬) উপজেলার তেতুলবাড়ীয়া গ্রামের মোস্তফা বিশ্বাসের স্ত্রী।

সুরমার ভাই মনির হোসেন মাতুব্বর জানান, শুক্রবার তার বোনকে সাফা বাজার এলাকার মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক রোগীকে রক্ত দেওয়ার কথা বলেন। ক্লিনিকে পরীক্ষা করে তার রক্তের গ্রুপ ‘বি-পজিটিভ’ বলে শনাক্ত করা হয়। স্বজনদের বলা হয় এই গ্রুপের রক্তের বন্দোবস্ত করতে।

ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগ, সোমবার দুপুরে রোগীর স্বজনরা রক্তদাতাকে নিয়ে গেলে ‘ক্রসম্যাচ’ না করেই সুরমাকে রক্ত দেওয়া হয়। রক্তদান শুরুর কিছুক্ষণের মধ্যে রোগীর অবস্থার অবনতি হলে স্বজনরা তার রক্ত দেওয়া বন্ধ করে দেন। পরে, আবার রক্তের গ্রুপ পরীক্ষা করে জানা যায়, সুরমার রক্তের গ্রুপ ‘ও-পজিটিভ’। সেই রাতেই সুরমাকে নিয়ে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ক্লিনিকের মালিক মনির হোসেন দাবি করেন, রোগী ও তার স্বজনরাই জানিয়েছিল যে রোগীর রক্তের গ্রুপ ‘বি-পজিটিভ’। রক্তের ক্রস ম্যাচিংও মিলে গিয়েছিল বলে জানান তিনি।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, অভিযোগ পেলে অভিযুক্ত ক্লিনিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত