কুমিল্লার মুরাদনগর উপজেলার ধৈইর ইউনিয়নের কোরবানপুর গ্রামে জারি করা ১৪৪ ধারা বাড়িয়ে অনির্দিষ্টকাল করা হয়েছে। একই সঙ্গে গ্রামে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাব ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে গত সোমবার মুরাদনগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন হিন্দু ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতারা। পরে বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবি করেন তারা।
ফেইসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে গত রবিবার বিকেলে কোরবানপুরে চারটি বাড়ি, একটি মন্দির, একটি ভাস্কর্য ও একটি ভোজনালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
গত সোমবার রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ জানান, কোরবানুপরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি থাকবে।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান জানান, এ ঘটনায় রবিবার রাতে তিনটি মামলা হয়। এসব মামলায় ২৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে গ্রামে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাব ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘ক্ষয়ক্ষতি হিসাব করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।’
