‘মূল্য অমূল্য’ নিয়ে দুদিন মঞ্চে অনুস্বর

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৪:০১ পিএম

অনুস্বর মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘মূল্য অমূল্য’। আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায়, রূপান্তর ও নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী।

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭টায় আমন্ত্রিতদের জন্য ‘মূল্য অমূল্য’র উদ্বোধনী প্রদর্শনী হবে। আমন্ত্রিত অতিথি হিসেবে দর্শক সারিতে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অনেকে।

পরদিন নাটকটির দ্বিতীয় প্রদর্শনী টিকিটের বিনিময়ে সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

অনুস্বরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙে পড়া যৌথ পারিবারিকবোধের চরম মূল্য চুকানোর গল্প ‘মূল্য অমূল্য’। যেখানে বাবার ব্যবহৃত পুরোনো আসবাবপত্র নিলামে বিক্রি করছে তার দুই পুত্র রঞ্জু ও মঞ্জু। তাদের মাঝে উপস্থিত চতুর নিলামদার খোদাবক্স।

মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীতমুখী চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন। দুই ভাইয়ের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আর যুক্তি-তর্কের মাঝে উঠে আসে আদর্শিক পাকচক্র, আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র ও হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ আমাদের সবাইকে এক সময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে।

সম্পর্কের মাঝেও কি তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন আসে হারা-জেতার, নাকি তা টিকিয়ে রাখার চেষ্টায় কাউকে কাউকে চুকাতে হয় জীবনের অমূল্য মূল্য।

‘মূল্য অমূল্য’-এ অভিনয় করছেন মোহাম্মদ বারী, ডালিয়া ফেরদৌস বাণী, মেরিনা মিতু, ফরিদা লিমা, সাইফ সুমন, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী প্রমুখ।

শোনা গিয়েছিল, এ নাটকের মাধ্যমে অনেক বছর পর মঞ্চের নতুন প্রযোজনায় অভিনয় করবেন আবুল হায়াত। অনুস্বর সূত্র জানায়, আপাতত তার চরিত্রে আছেন মোহাম্মদ বারী। করোনার প্রকোপ কমলে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রদর্শনীতে অংশ নেবেন।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ, আলো পরিকল্পনায় অম্লান বিশ্বাস, আবহ সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা, দৃশ্যশিল্প ও পোস্টার পরিকল্পনায় শাহীনুর রহমান, আলোক নিয়ন্ত্রণে অনীক রহমান, শব্দ নিয়ন্ত্রণে সরকার জামান, আবীর সায়েম এবং রূপসজ্জায় রয়েছেন জনি সেন। এ ছাড়া মিলনায়তন ব্যবস্থাপনায় পিয়ার মোহাম্মদ, মঞ্চ ব্যবস্থাপনায় এস আর সম্পদ, সহকারী মঞ্চ ব্যবস্থাপনায় আছেন মাজেদুল মিঠু ও প্রযোজনা অধিকর্তা প্রশান্ত হালদার।

শনিবারের প্রদর্শনীর অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৩৬ ৬৫৮৪৩৫ নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত