এমপির ছেলে হলেও সরকার ছাড় দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, শেখ হাসিনার সরকার কোনো অপরাধীকে ছাড় দেয়নি। প্রত্যেক অপরাধী শাস্তি পেয়েছে।
বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, দেশ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির নেতারা এসব উন্নয়ন চোখে দেখছে না। তারা লিপ্ত রয়েছেন নানা ষড়যন্ত্রে। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা, সিলেটের এমসি কলেজের ঘটনা নিন্দনীয়। আমি এসব ঘটনার নিন্দা জানাই। এসব নিন্দনীয় ঘটনার কারণে বিএনপি অপপ্রচারের সুযোগ পাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনো অপরাধীকে ছাড় দেয়নি।
তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু ও এবিএম মহিউদ্দীন চৌধুরীর মতো ত্যাগী নেতাদের আদর্শ ধারণ করতে হবে। রাজনীতিতে তাদের দেখানো পথ অনুসরণ করতে হবে।
স্মরণসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু কখনো বেইমানি করেননি। দল ও নেত্রীর প্রতি তার আনুগত্য ছিল ঈর্ষা করার মতো। আখতারুজ্জামান চৌধুরী বাবু শুধু চট্টগ্রামের নেতা ছিলেন না। তার কাজের মাধ্যমে তিনি সারা দেশের নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো নতজানু হয়ে রাজনীতি করে না। কিন্তু বিএনপি আপসের রাজনীতি করে। নানা কারণে সেটা এখন প্রমাণ হয়ে গেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বক্তব্য রাখেন।
