২০২১ আইপিএল কোথায় হবে জানালেন সৌরভ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০১:৩০ এএম

করোনা মহামারির কারণে এ বছর দেশের মাটিতে আইপিএল আয়োজন করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর। তবে ২০২১ আইপিএল নিজেদের মাঠেই করতে চায় বিসিসিআই।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি আইপিএলের প্লে-অফ। ১০ নভেম্বর আসরের ফাইনাল। চলতি আসর শেষ হওয়ার আগেই সবার আগ্রহ আগামী বছর আইপিএল কোথায় হবে সে নিয়ে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশ্য আশাবাদী ২০২১ সালে এপ্রিল-মে মাসে আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আশা করি আগামী আইপিএলের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। আর আমরা ভারতেই টুর্নামেন্ট আয়োজন করতে পারব।’

পরিস্থিতির ওপর নজর রেখে সংযুক্ত আরব আমিরাতকে পরের আইপিএলের বিকল্প ভেন্যু হিসেবে ধরে রাখা হচ্ছে বলেও জানান সৌরভ। তবে পরের আইপিএলের নিলাম হবে কিনা সে নিয়ে এখনই কিছু বলতে পারছেন না বিসিসিআই সভাপতি।

এবারের আইপিএল শেষে নিলাম নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান সৌরভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত