বরগুনায় রিফাত হত্যা

মিন্নির আপিল গ্রহণ, অর্থদন্ড স্থগিত

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৩:৩৪ এএম

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। দন্ড থেকে খালাস চেয়ে করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আপিলটি শুনানির জন্য গ্রহণ করে। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মিন্নিকে দেওয়া অর্থদন্ড স্থগিতের আদেশ দেয়।

এদিকে একই মামলায় মৃত্যুদন্ড পাওয়া মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের আপিল আবেদনও শুনানির জন্য গ্রহণ করে তাকে দেওয়া অর্থদন্ড স্থগিত করেছে হাইকোর্টের একই বেঞ্চ। ভিডিও কনফারেন্সে মিন্নির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও মাক্কিয়া ফাতেমা ইসলাম। আর সিফাতের পক্ষে ছিলেন আইনজীবী বদিউজ্জামান তপাদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

শুনানি শেষে আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘সাজা থেকে খালাস চেয়ে মিন্নির করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এখন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির এখতিয়ার সম্পন্ন কোনো বেঞ্চে শুনানির তারিখ নির্ধারণ হলে শুনানি হবে।’

এর আগে এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিনজনের আপিল গত ১৩ অক্টোবর শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। তারা হলেন রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আল কাইউম ওরফে রাব্বি আকন।

গত ৩০ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ছয় আসামিকে দন্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় দেন বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান। বিচারিক আদালতের রায়ের পর গত ৪ অক্টোবর আসামিদের ডেথ রেফারেন্সের নথিসহ মামলার যাবতীয় নথি হাইকার্টে আসে। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদন্ডের রায় কার্যকরে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। দন্ড থেকে খালাস চেয়ে গত ৬ অক্টোবর আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আপিলের আবেদন করেন মিন্নি। ৪৫১ পৃষ্ঠার ওই আবেদনে খালাস চেয়ে ২০টি গ্রাউন্ড (যুক্তি) তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত