নিরব-পূর্ণিমাকে দেখতে রাস্তা ব্লক!

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১১:৩৩ পিএম

ঢাকা কিংবা ঢাকার বাইরে বিভিন্ন বাণিজ্যিক শোরুমের উদ্বোধনে তারকাদের উপস্থিতি এখন অনিবার্য। দীর্ঘদিন পর এমনই একটি অনুষ্ঠানে সিলেট গিয়েছিলেন নিরব-পূর্ণিমা! আর সেখানেই হাজারো দর্শক-অনুরাগীর মুখোমুখি হন এই দুই তারকা! এমনকি তাদের একনজর দেখতে রাস্তা ব্লকের মতো ঘটনাও ঘটেছে বলে জানান চিত্রনায়ক নিরব!

নিরব-পূর্ণিমা একসঙ্গে সিলেট আসছেন এ খবর আগেই প্রচার হয়েছিল। তাদের একনজর দেখতে বুধবার বিকেল থেকে ভিড় করতে থাকেন স্থানীয়রা। সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষ জড়ো হন! এসব দেখে রীতিমতো অবাক নিরব-পূর্ণিমা!

নিরব বলেন, পুরো নয়া সড়ক এলাকা ব্লক হয়ে যায়। আশপাশে জ্যাম লেগে যায়। শোরুম উদ্বোধন হওয়ার পর মানুষের চাপে বের হতে পারছিলাম না। ফ্লাইট মিস হওয়ার মতো অবস্থা! এত মানুষ জড়ো হওয়ায় কিছুটা করোনার ভয় ছিল। মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছি। সেই সঙ্গে সিলেটের মানুষের আন্তরিকতা খুব এনজয় করেছি।

নিরব জানান, এর আগে শ্যুটিং করতে বেশ কয়েকবার সিলেট গেলেও এবারই প্রথম তিনি ও পূর্ণিমা ‘এক্সপ্রেস মেগামল’ নামে একটি ফ্যাশন হাউজের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন। বুধবার বিকেলে শোরুম উদ্বোধন করে সন্ধ্যার ফ্লাইটেই ঢাকা ফিরেছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত