লা লিগার শুরুটা মোটেও ভালো হয়নি বার্সেলোনার। ৬ রাউন্ডের খেলা শেষে ২ জয়, ২ ড্র, ২ হারে ৮ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে তারা। শীর্ষের রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। ১৭ বছরে এত বাজে অবস্থা আর হয়নি তাদের। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হলেও অসম্ভব কিছু নয় জেরার্ড পিকের কাছে। তাই অভিজ্ঞ বার্সেলোনা ডিফেন্ডার আশা রাখছেন দ্রুত তাদের সময় ফিরবে।
দলে এই মুহূর্তে অনেক তরুণ ফুটবলার আছে। যাদেরকে এই ক্লাবের ভবিষ্যৎ মনে করছেন পিকে। তাদের হাত ধরেই সুসময়ে ফিরবেন বলে মনে করেন তিনি, ‘অবশ্যই আমাদের পারফরমের পারদটা এখন নিচের দিকে। প্রতি বছরই আগের বছরের তুলনায় শুরুটা কঠিন থাকে। আমরা সবাই জানি ক্লাব এখন কী সময় পার করছে বা কী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা আমাদের দরকার ছিল। কিন্তু আমাদের হাতে সময় একদমই নেই। খুব কম সময়ের মধ্যেই বার্সাকে এসব সিদ্ধান্ত নিতে হয়েছে এবং মাঠে নেমে পড়তে হয়েছে। তাই মানিয়ে নিতে আমাদের সমস্যা হচ্ছে। আমার বিশ্বাস দলের তরুণরা দ্রুত নড়বড়ে সময়টা কাটিয়ে উঠছে। আর অচিরেই আমরা সব সমস্যা কাটিয়ে মাঠে ফিরব। এরাই দলকে গতি এনে দেবে।’
