আশা করি সতীর্থরা আমার ওপর আস্থা রাখবে: সাকিব

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০১:৪৩ এএম

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি শেষ হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞা। এখন ক্রিকেটে ফেরার অপেক্ষায় সাকিব। তার বিশ্বাস, সতীর্থরা তার ওপর আস্থা রাখবেন এবং আগের মতোই ড্রেসিংরুমের পরিবেশ পাবেন।

নিষেধাজ্ঞায় পুরো এক বছর বাইরে ছিলেন সাকিব। এর মধ্যে আবার নিষেধাজ্ঞার কারণটি ছিল স্পর্শকাতর। যদিও ম্যাচ ফিক্সিংয়ের মতো কিছু করেননি সাকিব। তবে ফের দলে ফিরে সতীর্থদের কাছ থেকে আগের মতো আচরণ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক।

সাকিব মনে করেন সতীর্থরা তার প্রতি বিশ্বাস হারাবেন না। তবে ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার এও বলেছেন, বিশ্বাস হারানোটা স্বাভাবিকই।

বুধবার রাতে সাকিব তার ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন ভক্ত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। সেখানে নিষেধাজ্ঞায় সতীর্থদের মনে অবিশ্বাস সৃষ্টি হয়েছে কি-না, এমন প্রশ্ন করা হয় সাকিবকে।

কোন দ্বিধা ছাড়াই সাকিব বলেন, ‘এটি খুবই কঠিন প্রশ্ন। আসলে কার মনে কি আছে, তা বলাও কঠিন। সন্দেহ জাগতে পারে, অবিশ্বাস দেখা যেতে পারে। আমি কখনোই তা অস্বীকার করতে পারি না। তবে সকলের সাথেই আমার নিয়মিত যোগাযোগ ছিল, সেখানে যা কথা হয়েছে তাতে আমার কাছে এমন কিছু মনে হয়নি। আশা করি এই জায়গায় কোনো সমস্যা হবে না।’

আগের মতো সবার বিশ্বাস নিয়ে মাঠে নামতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। বলেন, ‘আমি বিশ্বাস করি, তারা আমাকে আগে যেভাবে বিশ্বাস করত, এখনো সেভাবেই করবে। তবে অবিশ্বাস করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের মধ্যে এমন সন্দেহ জাগতেই পারে এবং সেটা নিয়ে আসলে আফসোসের কিছু নেই। তবে আমি মনে করি তারা আমার প্রতি আগের মত একইভাবে বিশ্বাস রাখবে।’

সাকিবের ওপর যে সতীর্থরা আস্থা হারাননি ইতিমধ্যেই সে প্রমাণ মিলেছে। তার নিষেধাজ্ঞা থেকে মুক্তির দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং অন্যান্য খেলোয়াড়রা। সাকিবকে ড্রেসিংরুমে ফিরে পেতে তাদের অপেক্ষা তর সইছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত