ইতিহাসে সর্বোচ্চ ভোট বাইডেনের

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:২১ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তিনি নিজ দলের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার রেকর্ড ভেঙে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ভোট পেয়েছেন ৭ কোটি ২১ লাখেরও বেশি। অবশ্য তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও রেকর্ডসংখ্যক ভোট পাবেন বলে মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে আশা করা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের ফল বাকি থাকতেই তিনি গতবারের চেয়ে বেশি ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন জো বাইডেন। আল জাজিরা ও ফক্স নিউজের সর্বশেষ খবর অনুযায়ী, পাঁচটি অঙ্গরাজ্যের ফল বাদে জো বাইডেন ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি। ফল প্রকাশে বাকি আছে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়া (২০), জর্জিয়া (১৬), উত্তর ক্যারোলিনা (১৫), নেভাডা (৬) ও অ্যারিজোনা (১১)। একমাত্র নেভাডা বাদে বাকি চার অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাত পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ৭ কোটি ২১ লাখ ৮৪ হাজার ১৯৫ ভোট। এটি প্রদত্ত ভোটের ৫০ দশমিক ৩৬ শতাংশ। ২০০৮ সালে বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট। সেটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে তখন পর্যন্ত কোনো প্রেসিডেন্টের পাওয়া সর্বোচ্চ ভোট। আর এবারের নির্বাচনে এ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ২৮২ ভোট। তিনি পেয়েছেন মোট ভোটের ৪৮ দশমিক ১ শতাংশ ভোট। ২০১৬ সালে তিনি পেয়েছিলেন ৬ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৮২৮ ভোট। এখনো পর্যন্ত কয়েক লাখ ভোট গোনা বাকি আছে। তাই ধরা হচ্ছে, বাইডেনের পাশাপাশি ট্রাম্পও ওবামার রেকর্ড ভাঙবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত