চারটি ইউনিটের পতাকা উত্তোলন সেনাপ্রধানের

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৩৫ এএম

নবগঠিত সিলেট সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার আরেকটি ধাপ অতিক্রম হয়েছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সেনানিবাসটিতে চারটি ইউনিটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পতাকা উত্তোলন অনুষ্ঠান সিলেট সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সকালে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সেনাপ্রধানকে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ জুবায়ের সালেহীন অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার মেজর জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি সম্মিলিত চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনীপ্রধানকে জেনারেল সালাম প্রদান করে। পরে সেনাবাহিনীর ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৭৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ২ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডন্যান্স ডেপো, সিলেট-এর পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।

আইএসপিআর আরও জানায়, ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট অঞ্চলের চারটি ইউনিটের নবযাত্রার মাধ্যমে সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো।

পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন ‘কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একই ধারায় ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত