রাবির সাবেক উপাচার্য আলতাফ হোসেনের ইন্তেকাল

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৪০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য প্রফেসর মো. আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহী মহানগরীর উপশহরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। ১৯৯৪ সালের ২৭ আগস্ট থেকে ১৯৯৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০০৫ সালের ৫ জুন থেকে ২০০৮ সালের ১৫ মে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।

প্রফেসর আলতাফ হোসেন ১৯৪৬ সালে চাঁপাইনবাবগঞ্জ সদরের চাঁদলাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং ১৯৭৬ সালে ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং পরে যুক্তরাজ্য থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ১৯৭৬ সালে তিনি রাবির প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এর আগে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে তিনি কয়েক বছর ফিশারিজ বিষয়ে অধ্যাপনা করেন।

গতকাল বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। প্রফেসর আলতাফ হোসেনের মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত