নতুন মাদক ‘আইস’ জব্দ, গ্রেপ্তার ৬

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৪১ এএম

দেশে নতুন ধরনের মাদক ‘আইস’ আমদানির সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। মালয়েশিয়া থেকে ব্যাগেজের আড়ালে আমদানি করা এই আইস সেবন করছে রাজধানীর ধনাঢ্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশে আইস ডিমেথ, মেথান ফিটামিন বা ক্রিস্টালমেথ নামে পরিচিত অত্যন্ত দামি এই মাদকের বাজার তৈরির চেষ্টা চলছে। এই মাদক ইয়াবার চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি ক্ষতিকর। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তার ছয়জন হলেন চন্দন রায় (২৭), সিরাজ (৫২), অভি (৪৮), জুয়েল (৫০), রুবায়েত (৩০) ও ক্যানিকে (৩৬)। তাদের কাছ থেকে ৬০০ গ্রাম আইস উদ্ধার করা হয়, যার বাজারদর প্রায় ৬০ লাখ টাকা। রাজধানীর গুলশান ও বনানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইস বিক্রি, সেবন ও পরিবহনের জন্য তাদের আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ বলছে, প্রতি ১০ গ্রাম আইস মাদক ব্যবসায়ীরা বিক্রি করে এক লাখ টাকায়, যা উচ্চবিত্তরা ব্যবহার করে থাকেন। প্রতিটান আইস সেবনে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। ব্যয়বহুল এই মাদক উচ্চবিত্ত মাদকসেবী ছাড়া সেবন সম্ভব নয়।

সংবাদ সম্মেনে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘একটি নতুন মাদকের নাম আমরা বেশ কিছুদিন ধরে শুনে আসছিলাম এবং বাংলাদেশেও এর অস্তিত্ব আছে বলে আমরা তথ্য পাই। এর প্রেক্ষিতে ডিবির রমনা বিভাগের ডিসি এইচএম আজিমুল হক, এডিসি জুয়েল রানা ও এসি জাবেদ ইকবালের নেতৃত্বে গত বুধবার রাতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত