শার্লিন ফারজানা। টিভি পর্দার এই প্রিয়মুখকে তিন সপ্তাহ ধরে ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রে নীরা চরিত্রে দেখছে সবাই। বৃহস্পতিবার মা হওয়ার সুখবর দিলেন এ অভিনেত্রী।
সন্তান জন্মের বেশ কয়েক দিন পরই খবরটি প্রকাশ্য করলেন নায়িকা। তিনি জানান, ১ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিটে কোলজুড়ে আসে প্রথম সন্তান ছেলে।
২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শার্লিন। তবে খবরটি চাউর করেন গত ১০ অক্টোবর।
শার্লিন-এহসানুল দম্পতি তাদের সন্তানের নাম রাখেন ইয়াসিন এহসান।
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রচারে অক্টোবরের শুরু থেকে ব্যস্ত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল ও অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। নায়িকা শার্লিন ফারজানার অনুপস্থিতি নিয়ে ছিল অস্পষ্টতা। সন্তানের ঘোষণায় গুঞ্জনের অবসান হলো।
এ বিষয়ে বৃহস্পতিবার পরিচালক উজ্জ্বল বলেন, “আপনারা সবাই জানেন ঊনপঞ্চাশ বাতাস’র নীরা আমাকে গুরু বলে সম্বোধন করে । সুতরাং তার প্রতি স্নেহ এবং দায়িত্ববোধ দুই’ই বেশি আমার। ফলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগপর্যন্ত তাকে নিয়ে আমি অসম্ভব উদ্বিগ্ন ছিলাম! এর ভেতরে আমরা ঊনপঞ্চাশ বাতাস মুক্তি দিয়েছি। সংগত কারণেই শার্লিন কোন ধরনের প্রমোশনে অংশ নিতে পারেনি। নিজের প্রথম ছবির প্রথম প্রদর্শনীও সে দেখতে পারেনি। আমি অনুভব করতে পারি এই সময়টা ওর কতটা খারাপ লেগেছে! আমরা তাকে প্রতিটা মুহূর্তে অনেক মিস করেছি!”
২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। এরপর নিয়মিত বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে দেখা গেছে তাকে।
