প্যারিসে সৌদি রাজকন্যার অ্যাপার্টমেন্টে চুরি

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৩:১২ পিএম

ফ্রান্সের প্যারিসে সৌদি আরবের এক রাজকন্যার বাড়ি থেকে বিলাসী কিছু পণ্যসামগ্রী চুরি হয়েছে। এসব পণ্যের দাম আনুমানিক ৬ লাখ ইউরো হবে বলে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

তবে ওই সৌদি রাজকন্যার নাম প্রকাশ করা হয়নি। আগস্ট থেকে অ্যাপার্টমেন্টটিতে ছিলেন না তিনি। সম্প্রতি ফিরে এসে দেখেন তার বেশ কয়েকটি দামি ব্যাগ, ঘড়ি, গয়না ও পশমের কোট নেই।

বিলাসী পণ্যগুলো চুরি যাওয়ার ঘটনায় ৪৭ বছর বয়সী এতটাই ভেঙে পড়েছেন যে, তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। ফলে বিষয়টি নিয়ে এখনো পুলিশের সঙ্গে কথা বলা হয়নি তার।

সূত্রটি জানিয়েছে, কোনো জোর প্রয়োগ ছাড়াই প্যারিসের প্রাণকেন্দ্র জর্জ ভি’র পাশে রাজকন্যার অ্যাপার্টমেন্টটিতে চোরেরা প্রবেশ করতে পেরেছিল বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, চুরি হওয়া পণ্যগুলোর মধ্যে ফরাসি ব্র্যান্ড হেরমেসের ৩০টি বেগ ছিল, যার প্রতিটির দাম ১০ হাজার থেকে ৩০ হাজার ইউরোর মধ্যে। ছিল রত্নখচিত একটি হাতঘড়ি, কিছু অলংকার ও পশমের পোশাক।

বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্তে নেমেছে প্রসিকিউটররা, পুরো বিষয়টি দেখবে প্যারিস পুলিশের বিশেষ অ্যান্টি-গ্যাং ইউনিট।

লে প্যারিসিয়ান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, চুরির এ ঘটনার জন্য প্রাথমিকভাবে একজন পুরুষকে দায়ী করা হচ্ছে, তিনি আগস্ট থেকে রাজকন্যার অ্যাপার্টমেন্টটিতে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত