দেশে করোনাভাইরাস সংক্রমণের নতুন রোগী শনাক্ত কিছুটা বাড়লেও মৃত্যু হঠাৎ কমেছে। শেষ ২৪ ঘণ্টায় গত প্রায় ৬ মাসের মধ্যে সবচেয়ে কম রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ১৭৯ দিনের মধ্যে সর্বনি¤œ। এর আগে সর্বশেষ গত ১২ মে
এরচেয়ে কম ১১ জনের মৃত্যু হয়েছিল। এদিকে অধিদপ্তরের তথ্যমতে, শেষ এক সপ্তাহে দেশে করোনায় মৃত্যু কমেছে প্রায় ১২ শতাংশ। শেষ সপ্তাহে (১-৭ নভেম্বর) মোট মৃত্যুবরণ করেছে ১২৬ জন। তার আগের সপ্তাহে মৃত্যুবরণ করেছিল ১৪৩ জন। এ ছাড়া শেষ সপ্তাহে সুস্থতা বেড়েছে ১৭ ভাগের বেশি। মৃত্যু ও সুস্থতায় উন্নতি হলেও শেষ সপ্তাহে নতুন রোগী শনাক্ত বেড়েছে প্রায় ৯ শতাংশ। আগের সপ্তাহ থেকে প্রায় এক হাজার রোগী বেশি শনাক্ত হয়েছে।
এদিকে দেশে নতুন করে আরও ১ হাজার ২৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১১ হাজার পরীক্ষায় ১১ দশমিক ২৯ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২৪৫তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১১৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত) ১১ হাজার ২৮৪টি নমুনা সংগৃহীত হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১১ হাজার ৪১৯টি। এসব পরীক্ষায় ১ হাজার ২৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১১ দশমিক ২৯ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪১ রোগী সুস্থ হয়েছে।
এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষায় ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৬ হাজার ৪৯ এবং সুস্থ হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৭ দশমিক ২৩ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৪ ও সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১১ ও নারী ২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭, রংপুরে ৩, সিলেটে ২ এবং খুলনায় ১ জন মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সের ৯, ৫১-৬০ বছরের ২, ৪১-৫০ বছরের ১ এবং ২১-৩০ বছরের ছিল ১ জন। ১৩ জনের সবাই হাসপাতালে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৫৭ ও নারী ১ হাজার ৩৯২ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৯ ও নারী ২৩ দশমিক ১১ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ১৬১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ১৯৪, খুলনায় ৪৭৪, রাজশাহীতে ৩৭৩, রংপুরে ২৬৮, সিলেটে ২৫২, বরিশালে ২০১ ও ময়মনসিংহে সর্বনি¤œ ১২৬ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ রোগীকে আইসোলেশনে ও ৪৬২ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ১৬১ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৯৩১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৫ হাজার ৫১১টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৬০৮টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৫১১টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯৯টি।
