শুল্ক ফাঁকি দিয়ে আনা পৌনে তিন কেজি ওজনের সোনা ও ৯২টি মোবাইল ফোনসহ পাঁচ যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আমির হোসেন (৫০), মাহাবুব রহমান (৩৫), আব্দুর রহমান সরকার (৪৬), জাকির হোসেন (৩০) ও আব্দুর রহমান (৩৮)।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন দেশ রূপান্তরকে জানান, শনিবার ভোর ৫টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই পাঁচজন। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হলে এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে শরীর ও লাগেজ তল্লাশি করে দুই কেজি ৬৭৫ গ্রাম সোনার বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ সোনার মূল্য প্রায় ২ কোটি টাকা। আলমগীর আরও বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আমির ও জাকিরের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। অন্যদের বাড়ি মুন্সীগঞ্জে।
