বিজিবিতে যুক্ত হলো দুটি হেলিকপ্টার

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৩:৫৯ পিএম

নজরদারি বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধি করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পেল দুটি হেলিকপ্টার। সীমান্তপথে সব ধরনের মাদকের অনুপ্রবেশ বন্ধে ও জরুরি প্রয়োজনে হেলিকপ্টার দুটি টহলে থাকবে।

রবিবার পিলখানায় বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিজিবি এয়ার উইংয়ের জন্য কেনা হেলিকপ্টার দুটির কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুজন বীরশ্রেষ্ঠ- ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফের নামে হেলিকপ্টার দুটির নামকরণ করা হয়।

এছাড়া আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকলের (আরসিভি) তিনটি ভেহিকলও বিজিবিতে যুক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একুশ শতকে চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিজিবিকে বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১’ এর পরিকল্পনা গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের মে মাসে বিজিবি এয়ার উইংয়ের কার্যক্রম শুরু হয়।

তিনি জানান, ২০২০ সালের জানুয়ারিতে বিজিবি রুশ প্রজাতন্ত্র হতে ২টি অত্যাধুনিক এমআই-১৭১-ই হেলিকপ্টার ক্রয় করে। এর মাধ্যমে বিজিবি দেশ মাতৃকার সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকার সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যদের সব ধরনের অপারেশনাল কার্যক্রম, রসদ সরবরাহ ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় এই হেলিকপ্টার দুটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

হেলিকপ্টার দুটির সক্ষমতা

এমআই দিক দিয়ে এমআই-১৭১-ই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। সর্বোচ্চ ছয় হাজার মিটার উচ্চতায় উড়তে পারে। মোট ২৬ জন যাত্রী পরিবহন করতে পারে। পরিবহন ক্ষমতা তিন হাজার কেজি। রোগী পরিবহন ক্ষমতা ১২ জন। অটোপাইলট সিস্টেমে পরিচালিত। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই হেলিকপ্টার।

আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকলের (আরসিভি) সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। যাত্রী পরিবহন করতে পারে ১২ জন। জ্বালানি ট্যাংক ২৫৭ লিটার। রয়েছে ব্যালিস্টিক প্রোটেকশন, ব্লাস্ট প্রোটেকশন। রয়েছে নাইট ভিশন হাইস্পিড ক্যামেরা।

বিজিবি সদর দপ্তরে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত