সাম্প্রাসের রেকর্ড স্পর্শ করলেন জকোভিচ

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৬:২৬ পিএম

কিংবদন্তি পিট সাম্প্রাসের অনন্য এক রেকর্ড স্পর্শ করেছেন টেনিসে বর্তমান বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ।

এই নিয়ে ৬ বার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুম শেষ করেছেন সার্বিয়ান তারকা। এর আগে একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা সাম্প্রাস এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

গত মাসে ভিয়েনাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ফলে এই মৌসুমে জকোভিচের শীর্ষস্থান নিশ্চিত হয়।

আগামী সপ্তাহে সোফিয়া টুর্নামেন্টে খেলবেন না বিশ্বের দুই নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল। র‌্যাঙ্কিংয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদালের না খেলার সিদ্ধান্তে বছর শেষের শীর্ষস্থান নিশ্চিত হয় ৩৩ বছর বয়সী জকোভিচের।

এর আগে ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালে তিনি শীর্ষে থেকে বছর শেষ করেছিলেন। পিট সাম্প্রাসকে ছুঁয়ে জকোভিচ বলেন ‘পিট এমন একজন খেলোয়াড় যাকে দেখে আমি বড় হয়েছি ও টেনিসের প্রতি আকৃষ্ট হয়েছি। সে কারণেই তার রেকর্ড স্পর্শ করা স্বপ্ন সত্যিই হওয়ার মতোই ঘটনা।’

ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সার্বিয়ান তারকা জকোভিচ। তিনি ইতিমধ্যেই সাম্প্রাসের ২৮৬ সপ্তাহ টানা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ডও টপকে গেছেন।

আগামী বছর ৮ মার্চ পর্যন্ত এই স্থান ধরে রাখতে পারলে সর্বকালের সেরা রজার ফেদেরারের ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ডটিও টপকে যাবেন জকোভিচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত