তাপস আমার দেখা অন্যরকম একজন মিউজিশিয়ান: হামিন

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৮:০৫ পিএম

সংগীত পরিচালক ও শিল্পী কৌশিক হোসেন তাপসের জন্মদিন আজ। জন্মদিনে সংস্কৃতি অঙ্গনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সামজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাচ্ছেন দেশি-বিদেশি শিল্পী ও তারকারা।

বাংলাদেশের সংগীতকে বিশ্বের কাছে পৌঁছে দিতে তার সৃষ্ট আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম ‘উইন্ড অব চেঞ্জ’ ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসিত ও সমাদৃত হয়েছে। দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা টেলিভিশনের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী তিনি। দেশিয় সংগীতশিল্পের মুখপত্র হিসেবে ২০১৩ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছে চ্যানেলটি।

তার জন্মদিনকে সম্মান জানিয়ে দেশের প্রথম রেডিও চ্যানেল রেডিও টুডে এফএম (৮৯.৬) ও রেডিও এবিসি (৮৯.২) বিশেষ দুটি অনুষ্ঠানের আয়োজন করেছে। জন্মদিনে সন্ধ্যায় ৬টায় ‘দ্য ম্যাজিক বিহাইন্ড দ্য মিউজিক: তাপস’ শিরোনামের লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার করবে রেডিও এবিসি। অন্যদিকে রাত ৯টায় ‘উইশিং তাপস’ শিরোনামে লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার করতে যাচ্ছে রেডিও টুডে। এছাড়াও দিনটি বিশেষভাবে উদযাপন করবে গানবাংলা পরিবার।

জন্মদিনে কৌশিক হোসেন তাপসকে শুভেচ্ছা জানিয়ে কিংবদন্তি ব্যান্ডতারকা হামিন আহমেদ বলেন, ‘তাপস আমার দেখা এমন একজন মিউজিশিয়ান যার মধ্যে প্রকৃতিপ্রদত্ত বিশেষ মেধা বিদ্যমান। যাই সে বাজাক কিংবা গেয়ে উঠুক তা যেন সবার চেয়ে অন্যরকম কিছু হয়ে ওঠে। তার সৃজনশীলতার সক্ষমতার অন্যতম উদাহরণ হতে পারে গানবাংলার জনপ্রিয় ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানটি। যার মাধ্যমে বাংলাদেশের শিল্পীদের সুযোগ হয়েছে পৃথিবীখ্যাত শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেয়ার। শুভ জন্মদিন তাপস! ইশ্বরের আশীর্বাদে আজ এবং আগামী দিনগুলো আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। আপনি বড় থেকে বড়তর হোন। অশেষ ভালোবাসা।’

১৯৮৩ সালের এ দিনে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কৌশিক হোসেন তাপস। মূল ধারার গানের সাথে তার পরিচিতি শৈশব থেকেই। মাত্র আট বছর বয়সে স্বকণ্ঠে গানের অ্যালবাম প্রকাশ করে জানান দেন নিজের বিস্ময়কর প্রতিভা। শৈশবে তার সঙ্গীতপ্রীতি দেখে বাবার কিনে দেওয়া কী-বোর্ড-এর মাধ্যমে শুরু হয় সঙ্গীতে সপ্রতিভ যাত্রা। পাশাপাশি গীটার, বাঁশি আর পারকাশনেও অল্প বয়সেই পারদর্শিতার প্রমাণ দেন তাপস।

বাংলার বাউল বয়াতি ও লোকশিল্পীদের সাথে তার অকৃত্রিম আত্মিক যোগাযোগ একদিকে তাকে বাংলার সমৃদ্ধ লোকসঙ্গীত ধারার সাথে সম্পৃক্ত করেছে, অন্যদিকে বাংলাদেশের ব্যাণ্ড সঙ্গীতের দিকপালদের সাথে ওতপ্রোত সম্পর্ক তাকে আন্তর্জাতিক সঙ্গীত ধারায় ঋদ্ধ করেছে।

তার রচিত ও সুরারোপিত গানে যেমন কণ্ঠ দিয়েছেন দেশবরেণ্য শিল্পীদের অনেকেই, তেমনি অংশ নিয়েছেন তার নির্দেশিত মিউজিক ভিডিওতে। সুরস্রষ্টা হিসেবে কাজ করেছেন দেশ ও দেশের দেশের বাইরে খ্যাতনামা প্রতিষ্ঠানের সাথে। বহু মিউজিক ভিডিওর প্রযোজনা ও পরিচালনা, বহু সঙ্গীত রচনা, সুরারোপ ও দেশিয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কনসার্টে সঙ্গীত পরিবেশন তার অভিজ্ঞতার ঝুলিকে করেছে সমৃদ্ধ।

অশান্ত বিশ্বকে শান্তির আহ্বান জানাতে তার ‘মিউজিক ফর পিস’ স্লোগানটি বিশ্বময় ছড়িয়েছেন ‘উইন্ড অব চেঞ্জ’ প্লাটফর্মের মাধ্যমে। যাতে একাত্মতা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৪১ জন খ্যাতনামা মিউজিশিয়ান। সংগীত পরিচালক ও শান্তির দূত হিসেবে এমন অবদান রাখায় ইতিমধ্যেই তিনি অর্জন করেছেন দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড (২০১৮) ও মাদার তেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। সুরকার হিসেবে ২০১৩ সালে গ্রহণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এছাড়াও দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো’র প্রধান নির্বাহী হিসেবে এক দশক ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন অনুষ্ঠান আয়োজন করেও প্রশংসিত হয়েছেন এ গুণী ব্যক্তিত্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত