যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জোসেফ রবিনেট বাইডেন জুনিয়রকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। গতকাল রবিবার বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের মাধ্যমে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসে দলের শুভেচ্ছার চিঠি পৌঁছানো হয়। এতে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, জো বাইডেনের সরকার বিশে^ শান্তি প্রতিষ্ঠায় জোরালো আবদান রাখবে। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল বলেন, বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ চিঠি দিয়েছেন।
বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় জো বাইডেনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘তার এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও আমার নিজের পক্ষ থেকে জো বাইডেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, ‘জো বাইডেন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। একই সঙ্গে বিশে^ শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।’
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দুই দেশের গভীরতম সম্পর্কের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বাইডেন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।’
বিএনপি মহাসচিব জো বাইডেনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই অভিনন্দন বার্তায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে তার সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন মির্জা ফখরুল।
গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বেসরকারি ফলাফলে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে বাইডেন সব বিভেদ ভুলে ঐক্য ও সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানান। এর এক দিন পর গতকাল বিএনপির পক্ষ থেকে বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি দেওয়া হয়।
মির্জা ফখরুলের নিন্দা : গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেছেন, ‘বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার রায়ের পরিপ্রেক্ষিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গতকাল রবিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ এ অবস্থায় বিবৃতিতে অবিলম্বে নাসির উদ্দিনের মুক্তি দাবি করে তার বিরুদ্ধে দেওয়া রাজনৈতিক প্রতিহিংসামূলক সাজা বাতিলের আহ্বান জানান তিনি।
