সম্প্রদায়ের সম্প্রীতি নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না : তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:০৭ এএম

আন্তঃসম্প্রদায়ের সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবন থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘নৈতিক শিক্ষার মাধ্যমে মানবিক জাতি গঠন : প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় এসব কথা জানান  তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন বাংলাদেশ গড়েছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার সেই চেতনাকে সদা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। শিশুকালই মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়ার ও তার মাঝে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধের সমাবেশ ঘটিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ার শ্রেষ্ঠ সময়।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, মগ-মুরং-চাকমা সবার মিলিত রক্তস্রোতে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাই সব ষড়যন্ত্র প্রতিহত করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।’ প্যাগোডাসহ সব ধর্মের উপাসনালয়ভিত্তিক নৈতিক শিক্ষা উন্নত জাতি গড়তে অত্যন্ত সহায়ক বলে জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল কর্মশালায় বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যানদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এবং আমন্ত্রিত অতিথি বাসন্তী চাকমা এমপি, ভিক্ষু লোকজিৎ মহাথেরো, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত