ড্যাপের প্রথম সভায় স্থানীয় সরকারমন্ত্রী

ভূমির শ্রেণি পরিবর্তনে সতর্ক থাকতে হবে

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:১৮ এএম

স্থানীয় সরকারমন্ত্রী ও ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ভূমি ব্যবহারের শ্রেণি পরিবর্তনে সংশ্লিষ্টদের আরও সতর্ক হতে হবে। নিয়মবহির্ভূত এবং অপরিকল্পিতভাবে আর কাউকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।’ গতকাল রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ড্যাপ রিভিউ সংক্রান্ত নবগঠিত মন্ত্রিসভা কমিটি’র প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভার শুরুতেই কমিটির বেশিরভাগ সদস্য নতুন হওয়ায় ড্যাপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ড্যাপের পরিচালক মো. আশরাফুল ইসলাম ড্যাপ সম্পর্কে একটি উপস্থাপনা তুলে ধরেন।

স্থানীয় সরকারমন্ত্রী সভায় বলেন, ‘রাজধানী ঢাকাকে বাসযোগ্য, নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং ভূতাত্ত্বিক ও পরিবেশের বিষয় মাথায় রেখেই এখন থেকে নতুন ভবন নির্মাণ করতে হবে। ড্যাপে সিটি করপোরেশনসহ যেসব প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি প্রয়োজন সেসব প্রতিষ্ঠানকে নিয়ে উপ-কমিটি গঠন করা হবে।’

তিনি বলেন, ‘একটি সঠিক পরিকল্পনা অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক, হাসপাতাল, স্কুল-কলেজ, খেলাধুলার মাঠ, ইউটিলিটি সার্ভিস, যোগাযোগ ব্যবস্থা এবং শপিং মলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে একটি আবাসযোগ্য ও দৃষ্টিনন্দন শহর গড়ে তুলতে কাজ করবে কমিটি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত