নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ভুয়া পোস্ট সরাতে যে ফেইসবুক রাজি হয়নি । তারাই এখন ভুল তথ্যের বিস্তার ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, ফেইসবুক শুরুতে গ্রুপের দিকে নজর দিচ্ছে। কোনো গ্রুপ থেকে ‘বিপজ্জনক’ এবং ভুয়া তথ্য ছড়ালে তাদের ৬০ দিনের ‘সত্যতা-প্রমাণীকরণ’ সময়ে রাখা হবে।
এই সময়ের ভেতর গ্রুপের সব পোস্ট মডারেটর কিংবা অ্যাডমিনদের ম্যানুয়ালি চেক করার পর পাবলিশ করতে হবে।
এই ‘শাস্তির’ পর আপিলের কোনো পদ্ধতি রাখা হবে না। অর্থাৎ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠলে ফেইসবুক বিচার-বিশ্লেষণের পর ব্যবস্থা নেবে।
৬০ দিনের ভেতর কার্যকলাপের পরিবর্তন না এলে গ্রুপটি সরিয়ে নেবে ফেইসবুক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ফেইসবুকের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। রয়টার্সের প্রতিবেদনে কয়েক মাস আগে বলা হয়, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের জন্য ট্রাম্পকে ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গই পরামর্শ দিয়েছিলেন।
আগের নির্বাচনে ট্রাম্প একটি ডেটা-বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের থেকে ভোটারদের যে তথ্য নিয়েছিলেন, তা সংগ্রহ করা হয় ফেইসবুক থেকে। অভিযোগ প্রমাণ হওয়ায় কোম্পানিটিকে কোটি কোটি ডলার জরিমানা দিতে হয়ে।
জরিমানার পরও ফেইসবুক কখনো ট্রাম্পের বিপক্ষে সুর তোলেনি। টুইটার যখন তার ভুয়া পোস্টে সতর্কীকরণের ট্যাগ লাগিয়ে দেয়, তখন তারা চুপ ছিল। পরে সমালোচনা শুরু হলে নির্বাচনের সময় ফেইসবুকও সেই পথে হাঁটে। কিন্তু তার ভাষা ছিল টুইটারের চেয়ে অনেক নরম।
