বিভিন্ন অনিয়ম-অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আলোচনায় আসা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়। তবে অন্যান্য বদলির আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হলেও এটি দেওয়া হয়নি।
সারওয়ার আলম নিজেই দেশ রূপান্তরকে তার নতুন কর্মস্থলে বদলির বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি মোবাইল ফোনে বলেন, ‘আমাকে বদলি করা হয়েছে। নতুন দায়িত্বে যেন সফল হতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম ২০১৫ সাল থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন তিনি। গত বছর দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চালানোর পর করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালগুলোর অনিয়ম বন্ধে চলা অভিযানেরও নেতৃত্বে ছিলেন সারওয়ার।
সম্প্রতি সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেড় বছরের সাজাও দেন তিনি। সর্বশেষ গত শনিবার মোহাম্মদপুরে তিনি তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম পেয়ে জরিমানা করেন।
